খরচ বাড়ছে ই-কমার্স, মোবাইল ও ইন্টারনেটে

১১ জুন, ২০২০ ১৭:০৯  
এবার অনলাইন খাবার, অনলাইন কেনাকাটা, গাড়ি রেজিস্ট্রেশন, বিদেশী টিভি এবং মোবাইল ও ইন্টারনেট খরচ বাড়বে। ইন্টারনেট ব্যবহার করে ই-কমার্সে কেনাকাটায় এবং অনলাইনে ফুড অর্ডার করার ক্ষেত্রে খরচ ধার্য‌্য করায় ই-কমার্স ব্যবসায় খরচ বাড়বে। ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এসব পণ্য ও সেবায় বাড়তি কর আরোপ করায় গ্রাহক পর্যায়ে এই ব্যয় বাড়বে। তবে অটোমোবাইল, ফ্রিজ ও এসির ওপর মূসক অব্যাহতি দেয়া এবং রেফ্রিজারেটর ও এসির কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা বাড়ানোয় এগুলোর মূল্য কমতে পারে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ থেকে এ তথ্য জানা গেছে। ‘অর্থনৈতিক উত্তরণ ও ভতিষ্যৎ পথ পরিক্রমা’ শীর্ষক স্লোগানে এবার দ্বিতীয় বারের মতো বাজেট প্রস্তাব করেন তিনি। বাজেট পেশের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের কয়েকজন মন্ত্রী সংসদ কক্ষে উপস্থিত ছিলেন। তবে শারীরিকভাবে অসুস্থ বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ অধিবেশনে যোগ দেননি। তবে সিডিউল অনুযায়ী যোগ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।